প্রচ্ছদ > লাইফস্টাইল >

বিয়েতে কনের গয়নার নতুন ট্রেন্ড!

article-img

শুরু হয়ে গেছে বিয়ের মৌসুম। জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে সাজ হওয়া চাই নিখুঁত এবং আকর্ষণীয়। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে গয়নায় চাই রুচিশীলতার ছাপও। 

জেনে নিন চলতি বিয়ের মৌসুমের জনপ্রিয় কিছু গয়নার ট্রেন্ড।

১. সীতা হার নয়, রানি হার!

বাঙালির বিয়েতে সীতা হার নারীদের কাছে বহুদিনের জনপ্রিয় গয়না হলেও, গেল বছরগুলোতে সবার প্রিয় হয়ে উঠেছে রানি হারও। সীতা হারের মতো মোটা এক লহরের হার না হয়ে চিকন বেশ কয়েকটি লহরের লম্বা ধরণের হারকে বলা হয় রানি হার। এই ধরণের হারে কনেকে দেখতে লাগে আরও সম্ভ্রান্ত, কারণ কয়েক লহরের হওয়ায় হারগুলো দেখে জমকালোই মনে হয়। অথচ’ লহরগুলো চিকন হওয়ায় ওজনও ততটা থাকেনা।

২. কয়েক লহরের হার

গত কয়েক বছরেই কনেদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে চার, পাঁচ বা সাত লহরের বড় মুক্তা ও সোনার হার। এই ধরণের হারও অল্প সোনার মধ্যেও ভারি গয়নার চমক তৈরিতে খুবই কার্যকর।

৩. নতুন আকৃতির টিকলি

গোলাকার বা কলকি আকারের কুন্দন বসানো টিকলি শাসন করেছে গত কয়েক বছরের বিয়ের ফ্যাশন। তবে ইদানিং বোদলা, তিনকোণা ও চৌকোণা পাথর বসানো টিকলিগুলো নতুন করে উঠে এসেছে জনপ্রিয়তার শীর্ষে। তবে এক্ষেত্রে মুখ ও কপালের আকার বুঝে টিকলি নির্বাচন করাই ভালো।

৪. আফগানি সিঁথিপাটি

চলতি বছরে ফ্যাশনপ্রিয়দের কাছে দারুণ জনপ্রিয়তা পেতে শুরু করেছে আফগানি গয়না। বিশেষ করে আফগানি কানের ঝুমকা ও সিঁথিপাটি নারীদের কাছে এখন দারুণ জনপ্রিয়। ভারি নকশার আফগান স্টাইলের সিঁথিপাটি বিয়ের আসরে আপনাকে করে তুলতে পারে অনন্য।

৫.কুন্দনের বড় আংটি

হাতে কেবল বিয়ে আর বাগদানের আংটিই থাকবে- এমনটায় আর বিশ্বাসী নন আধুনিক কনেরা। আঙুল সাজাতে কুন্দনের বড় আকারের বিভিন্ন আকৃতির আংটি এখন পাওয়া যাচ্ছে বাজারে। বিয়ের পোশাকের সঙ্গে তেমন একটি জমকালো আংটি বাড়িয়ে দিতে পারে আপনার সাজের জেল্লা।

৬. পোশাক বুঝে গয়না

বাঙালির বিয়ের পোশাক এখান আর কেবল লাল বেনারসিতে সীমাবদ্ধ নেই। নানান কাপড়ের শাড়ি তো বটেই, নারীরা এখন বিয়েতে সাজছেন, লেহেঙ্গা, শারারা এমনকি গাউনেও। শাড়ির সঙ্গে ঐতিহ্যবাহী গয়না মানিয়ে গেলেও ফিউশনধর্মী আধুনিক পোশাকের সঙ্গে গয়না বেছে নিতে হবে সতর্কতার সঙ্গেই। যেমন, শাড়ি বা লেহেঙ্গায় টিকলি মানালেও, গাউনের সঙ্গে টায়রা বা ঝাপটাই বেশি ভালো দেখাবে। আবার পোশাকের আদ্যোপান্ত ভারী কাজ হলে গয়না হতে পারে হালাকাও।